বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি বন্ধ যুক্তরাজ্যে

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল বা স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের অভিবাসন নীতি আরো কঠোর করার পর ভিসার অপব্যবহার ঠেকাতে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘ফিন্যানন্সিয়াল টাইমস’।

ফিন্যানন্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের অন্তত নয়টি শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকির দেশ থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে। প্রকৃত শিক্ষার্থী যেন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করে সেজন্য তাদের ওপর চাপ বাড়ছে।

ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন বাংলাদেশ ও পাকিস্তান থেকে এরই মধ্যে স্নাতকের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে না। এদিকে, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তির আবেদন বন্ধ করে দিয়েছে।

গত সেপ্টেম্বরে কার্যকর হওয়া যুক্তরাজ্যের হোম অফিসের নতুন ভিসা কম্পায়েন্স নীতি এই পরিবর্তনে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে। আন্তর্জাতিক ভিসা স্পন্সর করতে হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ‘বেসিক কম্পলায়েন্স অ্যাসেসমেন্ট’ (বিসিএ) নামের একটি মূল্যায়নে উত্তীর্ণ হতে হয়। হোম অফিসের নতুন নীতিতে বলা হয়েছে, কোন প্রতিষ্ঠানের ৫ শতাংশের বেশি আবেদন প্রত্যাখান হলে তাদের স্পন্সর লাইসেন্সের মান অবনমন বা বাতিল হতে পারে। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন আগের চেয়ে ছাত্র ভর্তিতে অনেক বেশি সতর্ক।

এ বছর গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের ভিসা প্রত্যাখানের হার যথাক্রমে ২২ ও ১৮ শতাংশ। এ সময় হোম অফিস যে ২৩ হাজার ৩৬টি আবেদন নাকচ করেছে তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ