
উচ্চ আদালত থেকে চারটি হত্যা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমীন তামান্না।
গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্ট থেকে সাজ্জাদ ও তামান্না জামিন পান। তবে, ওই আদেশ চলতি সপ্তাহের শেষ দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।
চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, চারটি মামলায় তারা জামিন পেয়েছেন বিষয়টি ঠিক। তবে, তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
এ বছরের ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তামান্নার বক্তব্য ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করে আনার একটি ভিডিও ছড়িয়ে পরে এবং ব্যাপক সমালোচিত হয়। এরপর সাজ্জাদের স্ত্রী তামান্নাকেও গ্রেপ্তার করে পুলিশ।


