
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম চলে গেলেন বিজয়ের মাসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যের কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার বীর উত্তম বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন। অবসরের পর রাজনীতিতে যোগ দিয়ে দুই দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এ কে খন্দকারের জন্ম ১৯৩০ সালে রংপুরে। তাঁর আদি নিবাস পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা গ্রামে। পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়ে ১৯৫২ সালে কমিশন লাভ করেন তিনি। গ্রুপ ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশর মহান মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন।
বাংলাদেশর মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ১৯৭৩ সালে ‘বীর উত্তম’ খেতাব এবং ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন এ কে খন্দকার।


