
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বুধবার বিকেল পাঁচটার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে বেলা ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নামে। জানাজার সময় ঢাকার বিভিন্ন রাস্তি লোকে লোকারণ্য হয়ে ওঠে।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সাধারণ জনগন।

দাফন প্রক্রিয়া চলার সময় বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তাঁর ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা, বিএনপি’র নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।



