
থাইল্যান্ডে একটি নির্মাণাধীন ক্রেনের অংশ ভেঙে পড়ে অন্তত দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মুয়াং সামুত সাখন জেলার থা চিন নদীর ওপর সেতুর আগে দক্ষিণমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির ট্রাফিক বিভাগ।
মুয়াং সামুত সাখন থানার ট্রাফিক ইন্সপেক্টর পুলিশ লেফটেন্যান্ট পিরোট পিনথিপ জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এক্সপ্রেসওয়ে সেতু নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনটির অংশ ভেঙে নিচে চলাচলরত দুটি গাড়ির ওপর পড়ে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।
রামা–২ সড়ক ব্যাংকক ও দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে প্রধান ও সবচেয়ে সরাসরি যোগাযোগের পথ। দীর্ঘদিন ধরে চলমান এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই নাখন রাচাসিমা প্রদেশের সিখিউ জেলায় একটি নির্মাণাধীন ক্রেন চলন্ত ট্রেনের ওপর পড়ে অন্তত ৩২ জন নিহত এবং ৬৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
সূত্র: ব্যাংকক পোস্ট

