
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থীতা ফিরে পেতে লিভ টু আপিল করলে সেই আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন।
ঋণ খেলাপির অভিযোগ এনে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা বাতিলের আবেদন করেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সে আবেদন মঞ্জুর করে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তবে প্রার্থীতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত ২১ জানুয়ারি সে রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরবর্তীতে হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মঞ্জুরুল আহসান মুন্সী।


