রবিবার, এপ্রিল ১২, ২০২৬

দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকার গঠনের দুই সপ্তাহের মাথায় দুইজন উপদেষ্টা ও আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দপ্তর পুনর্বণ্টনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। দুই উপদেষ্টা হলেন নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী।

নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এতদিন রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন আগের দায়িত্বের সাথে নজরুল ইসলাম খানকে কৃষি ও রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে বাণিজ্যও দেখতেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু কৃষির সাথে মৎস ও প্রাণীসম্পদ দেখভাল করতেন। ভার কমিয়ে এখন তাকে কেবল মৎস ও প্রাণীসম্পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুইজন। তাদের মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয় ও মো. রাজিব আজসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয়ের দেয়া হয়েছে।

ফারজানা শারমীন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখবেন।

শরিক দলের নেতা হিসেবে গণসংহতি আন্দোলনের মো. জুনায়েদ আব্দুর রহিম সাকিকে শুরুতে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। দপ্তর পুনর্বণ্টনের পর এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয় দেখবেন তিনি।

বিএনপির শরিক দল গণ অধিকার পরিষদের নেতা মো. নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছিল। এখন তার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বিএনপির আরেক শরিক নেতা এনডিএফের ববি হাজ্জাজকে শুরুতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। এখন থেকে তিনি কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখবেন।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন এবং সেদিনই তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী সেই দপ্তরের দায়িত্ব নতুন প্রজ্ঞাপনে পুনর্বণ্টন করা হল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ