
এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও গোল পেল না বাংলাদেশ। আর ফুটবল শেষ পর্যন্ত তো গোলেরই খেলা। আর তাই বাংলাদেশকে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হার নিয়ে দেশে ফিরতে হচ্ছে হামজাদের।
মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ৩১ মিনিটে ইখসান ফান্দির পাস থেকে নিখুত শটে বল জালে জড়ান হ্যারিস স্টুয়ার্ট।
পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলে লাল-সবুজের দল। দুই প্রান্ত দিয়ে আক্রমন করে চাপে ফেলে দেয় সিঙ্গাপুরকে। ম্যাচে সমতায় ফেরার সেরা সুযোগটি বাংলাদেশের হাতছাড়ি হয় ৭৯ মিনিটে। মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিকে হামজা চৌধুরীর দারুণ ক্রস বক্সে পেয়ে যান মিরাজুল। গোলপোস্টে শট নেন ঠিকই, কিন্তু বল ফেরত আসে সাইডবারে লেগে। এরপর যোগ করা সময়ের ৪ মিনিটেও ফলাফল বদলায়নি। ১-০ গোলের হার নিয়েই দেশ ফিরতে হলো হাভিয়ের কাবরেরার দলকে।
বাছাই পর্বের ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জয় বাংলাদেশের। ৩ হার ও বাকি ২ ম্যাচে ড্র করে ‘সি’ গ্রুপে টেবিলে তিনে থেকে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।


