
রসমালাইয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর স্ত্রী শাহিদা আক্তার ওরফে মুন্নি (২৯) অচেতন হয়ে পড়লে প্রথমে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন স্বামী সাইফুল ইসলাম। এরপর তাঁর শরীর থেকে মাথা ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেন পরিচয় গোপন করতে বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার ঢাকার শাহবাগ থেকে ঘাতক সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বুধবার তাকে কক্সবাজার নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে এসব তথ্য জানায় সে।
গত ১১ এপ্রিল কক্সবাজারের জানারঘোনা এলাকার একটি ডোবা থেকে শাহিদার লাশ উদ্ধার করে পুলিশ। শুরুতে পুলিশ পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে শাহিদার পরিবার ও এলাকাবাসী তার পরনের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। এরপর পুলিশ সাইফুলের মুঠোফোনের নম্বর নিয়ে প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।


