
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। লক্ষ্য ছিল ১৮৩ রানের পাহাড়সম চ্যালেঞ্জ। বাংলাদেশ সেই পাহাড় টপকেছে তাওহীদ হৃদয়ের ঠান্ডামাথার ফিফটি এবং শামীম হোসেনের বিধ্বংসি ঝড়ে। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়ে নিলো বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৮২ রান জমা করে সফরকারীরা। শেষ দিকে ১৪ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লার্কসেন।

১৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিলো বেশ মন্থর। ১০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান ছিল স্বাগতিকদের। এরপরই হৃদয় ও পারভেজ খেলাটা নিজেদের হাতে নিয়ে নেন। এই জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। পরে শামীমের সাথে জুটি বেঁধে ২১ বলে তোলেন ৪৯ রান। ১৬তম ওভারে নাথান স্মিথের বলে শামীমের নো লুক ছক্কাটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই ওভারে আসে ১৮ রান। শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মাত্র ১৮ ওভারেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন তৌহিদ হৃদয়।


