
স্বস্তি নিয়ে শেষ দিনের চা বিরতিতে গিয়েছিল পাকিস্তান। শেষ সেশনে মিরপুর টেস্ট জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১৫২ রান, হাতে তখনো ৭ উইকেট। ক্রিজে ছিলেন অভিষিক্ত আব্দুল্লাহ ফজল ৬৬ রান করে আর ছিলেন বাংলাদেশকে আগের দিন চ্যালেঞ্জ জানানো অধিনায়ক সালমান আগা। শেষ সেশনে নাহিদ রানা যখন বল নিয়ে ছুটলেন তখন গতি, বাউন্স আর রিভার্স সুইংয়ের মিশেলে রচনা করলেন ফাস্ট বোলিংয়ের এক মহাকাব্য।
নাহিদ রানার বারুদে বোলিংয়ের সঙ্গে তাসকিন আহমেদ, তাইজুল ইসলামদের ছোবলে ধ্বংস হয়ে গেল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে ম্যাজিকেল বোলিং করেছেন নাহিদ রানা। ৪০ রানে নিয়েছেন পাঁচ উইকেট। যা তাঁর ক্যারিয়ার সেরা। মিরপুর টেস্টের শেষ দিনে টাইগারদের অসাধারণ বোলিং প্রদর্শনীতে ১০৪ রানের জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়। দেশের মাটিতে প্রথম। সে হিসেবে এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।

প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটির জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে অর্জন আছে আরো। বাংলাদেশের হয়ে তৃতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন মুমিনুল হক এবং ২৫০ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।


