
সিলেটে শিশু ফাহিমা হত্যার দ্রুত বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রামিসা হত্যা মামলার মতো এ ঘটনাতেও দ্রুত বিচার নিশ্চিত হলে তা দেশের মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দেবে।
মঙ্গলবার (২ জুন) সিলেট সদর উপজেলার ফাহিমার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জনআস্থা বাড়াতে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি জানান, আগামী বাজেট অধিবেশনে আইনশৃঙ্খলা, শিশু নির্যাতন, স্বাস্থ্যখাত ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় সংসদে উত্থাপন করা হবে।
এ সময় তিনি সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বলেন, জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্তের আগে সংসদে আলোচনা হওয়া উচিত ছিল।
হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, টিকাদান কর্মসূচির কার্যকারিতা ও স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
ফাহিমা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


