জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আগামী এক বছর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে বিজয়ী হন তিনি।

নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি দেশের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী কাকোরিস পান ৯১টি ভোট।

জাতিসংঘের আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিজয়ের মাধ্যমে প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ এ পদে নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পেয়ে গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ