
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিমের নেতৃত্বে গঠিত এ কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এছাড়া রাজবাড়ী জেলা প্রশাসন সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘এসবি পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পর ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফেরির র্যাম্পে ধাক্কা দেয়। এতে র্যাম্প ভেঙে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।
তবে দুর্ঘটনার আগে নির্দেশনা অনুযায়ী বাসের ৩৮ জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। আহত বাসচালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএর ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ফেরিতে যানবাহন ওঠানামার সময় যাত্রীদের নামিয়ে দেওয়ার সরকারি নির্দেশনা কার্যকর থাকায় এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।


