
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, ব্যক্তিগত পরিচয় বা মতপার্থক্য নয়, সবার একমাত্র দায়িত্ব হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটের সেবা করা।
রোববার (৭ জুন) সভাপতি নির্বাচিত হওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমাদের ২৫ জন পরিচালকের লক্ষ্য যদি এক থাকে এবং সবাই যদি ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করি, তাহলে সেটাই হবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি।”
গত কয়েক বছরে দেশের ক্রিকেট নানা চ্যালেঞ্জ ও বিতর্কের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে সবাইকে একসঙ্গে কাজ করে ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনার।”
নতুন সভাপতি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো ঘোষণা না দিয়ে ধাপে ধাপে নিজের পরিকল্পনা তুলে ধরবেন। তিনি বলেন, “অ্যাডহক কমিটির সময় থেকেই কিছু কাজ শুরু করেছি। এখন সেগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব।”
গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তামিম বলেন, “মিডিয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। আমরা ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন। গঠনমূলক সমালোচনা আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।”
বিসিবির গঠনতন্ত্র নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গঠনতন্ত্রে কিছু দুর্বলতা থাকতে পারে। যদি কাউন্সিলররা একমত হন এবং ক্রিকেটের স্বার্থে পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সে বিষয়ে আলোচনা করা হবে।”
বোর্ড পরিচালনায় স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে তামিম বলেন, “আমি চাই না এমন কোনো কাজ হোক, যা বোর্ডকে বিতর্কের মুখে ফেলে। আমরা সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবিকে ঘিরে বিভিন্ন ধরনের ট্যাগ ও সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তামিম হাস্যরসের সঙ্গে বলেন, “অনেকে অনেক ট্যাগ দিচ্ছেন। এখন দেখা যাক, ‘বাপের দোয়া’র চেয়ে ক্রিকেটের দোয়া অর্জন করতে পারি কি না।”
নতুন সভাপতির এই বক্তব্যের মাধ্যমে দেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।


