
অর্থমন্ত্রীর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের সংস্কার এবং রাজস্ব আদায়ের বাস্তবসম্মত রূপরেখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ-হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিএনপি সরকারের ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটকে “উচ্চাভিলাষী, বাস্তবতাবিবর্জিত ও ঋণনির্ভর” বলে আখ্যা দেন।
নাহিদ বলেন, এস আলমসহ বড় মাফিয়াদের লুটপাট ও ভঙ্গুর ব্যাংকিং খাত সংস্কারের কোনো কার্যকর রূপরেখা বাজেটে নেই। এছাড়া বিদ্যুৎ খাতের অসম চুক্তি এবং ক্যাপাসিটি চার্জের মতো বড় সমস্যা সমাধানের বিষয়ে অর্থমন্ত্রী সুস্পষ্ট কোন বক্তব্য দেননি।
তিনি আরো বলেন, বর্তমান কর কাঠামোর মধ্যে ৬ লাখ ৯ হাজার কোটি টাকার বিশাল রাজস্ব আদায় করা অসম্ভব। ফলে, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় বড় বাজেট মূলত বড় দুর্নীতির সুযোগ তৈরি করবে।


