স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের, না হলে বড় মিছিলের হুঁশিয়ারি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে দলের নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। দেশের মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাঁরা পদত্যাগ না করলে মিছিল আরও বড় করা হবে। দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করার কথাও জানান তিনি।

সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই; বরং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা রয়েছে। বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরতে পারে বলে আলোচনা রয়েছে। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরও রক্ষা করতে পারেনি, জনগণকে কীভাবে রক্ষা করবে—এমন প্রশ্ন তোলেন তিনি।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর বক্তব্যে সীমান্ত হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পার্বত্য অঞ্চলে অস্থিরতা তৈরির বিষয়গুলো উঠে আসে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ