যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে চাঙ্গা ওয়াল স্ট্রিট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির খবরে সপ্তাহের শুরুতেই চাঙ্গাভাব দেখা গেছে মার্কিন শেয়ারবাজারের লেনদেনে। একই সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণায় স্বস্তি ফিরেছে বৈশ্বিক বাজারে।

সোমবার প্রযুক্তিনির্ভর নাসডাক-১০০ ফিউচার প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ১ দশমিক ৩ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফিউচার ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

রোববার রাতে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে, ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তিটিকে “সম্পূর্ণ” বলে উল্লেখ করেন। এদিকে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

চুক্তির পরবর্তী ধাপে আগামী ৬০ দিনের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ইরান অবরুদ্ধ সম্পদ ব্যবহারের সুযোগ, আর্থিক সুবিধা এবং তেল রপ্তানিতে আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পেতে পারে।

শুক্রবার অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি মাইন অপসারণের জন্য পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সমস্যা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এই খবরে আন্তর্জাতিক তেলের বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। ক্রুড ওয়েলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে লেনদেন হচ্ছে।

এদিকে স্পেসএক্সের শেয়ারবাজারে সফল অভিষেকের পরও বাজারে ইতিবাচক মনোভাব জোরদার হয়েছে। শুক্রবার প্রথম দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ার ১৯ শতাংশের বেশি বেড়ে বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। সোমবার প্রাক-বাজার লেনদেনেও শেয়ারটির দাম আরও প্রায় ৭ শতাংশ বেড়েছে।

বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্তের দিকে। মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় চলতি বছর সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, বাজারে ৯৮ শতাংশের বেশি সম্ভাবনা ধরা হচ্ছে যে ফেড চলতি বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখবে।

উল্লেখ্য, জুনটিন্থ দিবস উপলক্ষে শুক্রবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাকে লেনদেন বন্ধ থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ