নতুন ফ্যাসিবাদের অভিযোগ বিরোধীদের রাজনৈতিক কৌশল: রিজভী

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে কোনো দেশবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী পক্ষ নতুন করে ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। কিন্তু তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশবিরোধী কোনো তৎপরতা বরদাশত করবে না এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর প্রসঙ্গে রিজভী বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করবেন। একই সঙ্গে বাংলাদেশকে পরনির্ভরশীলতার অবস্থান থেকে বের করে এনে আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

রিজভীর ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে একটি সক্ষম ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ