চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে ঢাকায় আসেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।

এর আগে চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহযোগিতা, কৃষি, প্রযুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, শিল্প পার্ক স্থাপন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা এবং সংযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়ও গুরুত্ব পায়।

সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়। উভয় দেশ ভবিষ্যতে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার এবং কৌশলগত সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ