দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন

দুই হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
 
সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
 

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আদালত সূত্রে জানা গেছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন চেয়ে করা আবেদনের পর হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে তিন মামলাতেই তার জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পীদের মধ্যে অন্যতম মমতাজ বেগম দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন।

২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো সংসদে প্রবেশ করেন মমতাজ বেগম। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন তিনি। সব মিলিয়ে তিনি তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ