
বিদেশে পালিয়ে থাকা বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে জনগণের সামনে বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, আইন নিজের গতিতে চলবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে স্বৈরাচারের দোসররা অবস্থান করে দেশের স্বার্থ ক্ষুণ্ন করেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে।
শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত ব্যক্তিদের বিচারের বিষয়ে তিনি বলেন, এ প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময়েই শুরু হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। জনগণ বিচার দেখতে চায় এবং সরকার সেই প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে তৈরি পোশাক শিল্পের ভিত্তি গড়ে ওঠে, আর সাধারণ নারীদের অংশগ্রহণেই সেই শিল্প পূর্ণতা লাভ করেছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ.কে. এম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও নারী প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে নারীর শিক্ষা, ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণের নানা দিক নিয়ে আলোচনা হয়।


