
ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রশ্নপত্র কঠিন হওয়া ও পরীক্ষাকেন্দ্রে কড়াকড়ির অভিযোগ তুলে একদল পরীক্ষার্থী পরীক্ষা শেষে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কেন্দ্রের কয়েকটি শ্রেণীকক্ষে ভাঙচুর চালায় এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্টদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আল ভূঁইয়া বলেন, প্রথমে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করা হয়। পরিস্থিতির অবনতি হলে জননিরাপত্তার স্বার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
ঘটনার পর পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


