
দেশজুড়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরি মিলিয়ে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি; মোট ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী (৫৪.৭১ শতাংশ) এবং ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র (৪৫.২৯ শতাংশ) বৃত্তি অর্জন করেছে।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, স্বীকৃতি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও উৎসাহিত করে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ সারা দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রকাশিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। ট্যালেন্টপুলে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি পেয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।
এবারের পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশ নেয়। মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন ছাত্র এবং ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন ছাত্রী ছিল।
মন্ত্রী আরও জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬ অনুযায়ী মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও ফলাফল ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে এবার ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।


