তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উদ্যোক্তা হওয়ার পথ কঠিন হলেও ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব এবং সরকার তাদের সহযোগিতা করতে সর্বোচ্চ চেষ্টা করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি নিজের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একসময় ব্যবসা শুরু করলেও পরে রাজনীতিকেই জীবনের পথ হিসেবে বেছে নেন।

তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, তবে সরকার তাদের পথপ্রদর্শক ও সহযোগী হিসেবে পাশে থাকবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের উদ্যোগে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন এবং উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে নির্বাচিত ছয়টি স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের ঐতিহ্যবাহী জামদানি নিয়ে কাজ করা রাফিহা ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনা তার প্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদন উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তার হাতেও অনুদানের চেক তুলে দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ