
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে এ বিষয়ে আরও কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
এ ছাড়া রাজধানীর যান চলাচল আরও সুশৃঙ্খল করতে দ্রুততম সময়ের মধ্যে অন্তত আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।


