আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম

বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ। প্রেমের গল্পভিত্তিক এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। তবে ছবিটির নায়িকা কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদনান আল রাজীব জানিয়েছিলেন, তার নির্মাণে প্রথম চলচ্চিত্রটি হবে একটি রোমান্টিক গল্পের। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সেই সিনেমার প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ। যদিও বিষয়টি নিয়ে এখনো নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সাম্প্রতিক সময়ে ‘জংলি’ ও ‘রাক্ষস’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করেছেন সিয়াম। নতুন এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও রোমান্টিক ঘরানার গল্পে ফিরছেন তিনি। এর আগে প্রেমের গল্পভিত্তিক একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

অন্যদিকে, ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ এবং ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণের পর এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামছেন আদনান আল রাজীব।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিয়ামের বিপরীতে কে অভিনয় করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দিলেই জানা যাবে সিনেমাটির নায়িকার নাম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ