
স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তরে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে টানা ষষ্ঠ দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছেন ৬ শতাধিক দমকলকর্মী ও সেনাসদস্য। আগুন নিয়ন্ত্রণে তাদের সহায়তায় আকাশপথে কাজ করছে ২৯টি বিমান।
মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে স্পেনে দেখা দেওয়া সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর মধ্যে এটি অন্যতম।
বার্তা সংস্থা এএফপি জানায়, মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে গুয়াদালাহারা প্রদেশে ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। আগুনের ঝুঁকিতে অন্তত ১ হাজার ২০০ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার প্রত্যন্ত একটি বনাঞ্চলে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা গ্রাস করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় জনবসতি কম, পরিত্যক্ত ঝোপঝাড়ের পরিমাণ বেশি এবং দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
দমকল বিভাগ জানিয়েছে, কাস্তিয়া-লা মানচা অঞ্চলের ৩৪টি ছোট গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া যেসব এলাকায় আগুনের ঝুঁকি রয়েছে, সেখানকার আরও ১৪টি এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে স্থল ও আকাশপথে একযোগে অভিযান অব্যাহত রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না এলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি


