
ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ অর্থ লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযোগের ভিত্তিতে গত রোববার এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আসে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর নিয়ম অনুযায়ী রকিবুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অথবা অভিযোগ থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত তিনি সাময়িক বরখাস্ত থাকবেন। অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং বিধি অনুযায়ী তার আর্থিক সুবিধা ও পাওনার চূড়ান্ত হিসাব করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সাধারণ বিভাগে কর্মরত রকিবুল হাসান একজন নির্বাহী পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনলাইন জুয়া, বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনসংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে রকিবুলের সম্পৃক্ততার তথ্য পান গোয়েন্দারা। তদন্তে তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক অঙ্কের অর্থ লেনদেনের তথ্যও উঠে আসে।
এ ঘটনার পর গত ১৫ জুলাই রকিবুলকে আটক করতে দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে যায় ডিবির একটি দল। তবে সেখানে তাকে পাওয়া যায়নি বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


