দুদকের মামলায় টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরের সাত বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের পিপি মোকাররম হোসাইন জানান, জাফর আহমদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।

জাফর আহমদ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১ এপ্রিল দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০২৪ সালের ১৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

দুদকের তদন্তে জাফর আহমদের নামে ৬ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় দেখানো হয় ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। দুদকের হিসাবে তার গ্রহণযোগ্য আয় ছিল ২ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা।

অভিযোগপত্রে বলা হয়, জাফর আহমদ ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। জনপ্রতিনিধির ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে টেকনাফে জমি এবং বিভিন্ন ব্যাংক হিসাবে জমা অর্থও রয়েছে।

চলতি বছরের ৫ মে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ