হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দিলেন হাইকোর্ট

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না।

বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা।

শুনানি শেষে আইনজীবী লিটন আহমেদ বলেন, প্রায় ২১ মাস পর এ মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন। তবে তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় জামিন চূড়ান্ত হলেও আরও কয়েকটি মামলায় হাইকোর্টে রুল শুনানির অপেক্ষায় থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

এর আগে গত ৭ এপ্রিল হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত এ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

মামলার পটভূমি

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বছরের ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে খিলগাঁও, আদাবর ও চুনারুঘাট থানাসহ মোট সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ