
বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে এবং পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
যা বলা হয়েছে মামলার এজাহারে
মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাব মজুমদারের পরিচয় হয়।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী আইনি প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করেন।
এনসিপির বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, অভিযোগটিকে দল গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি জানান, প্রাথমিকভাবে অভিযোগের তথ্য যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


