সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত সমন্বিত অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে আটক করা হয়।

কোন অভিযোগে কতজন গ্রেপ্তার?

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে—

  • আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে: ৭ হাজার ৪৩৭ জন
  • সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে: ৩ হাজার ৯৯১ জন
  • শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে: ৩ হাজার ৫৪২ জন

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং সহায়তা দেওয়ার অভিযোগে ১৮ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনকে সৌদি আরব ছাড়ার আগে চূড়ান্ত ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়ায় ৩০ হাজারের বেশি

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী রয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ