দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, দোকানটির ভেতরে থাকা আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতলে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, নিহত সবাই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ