
শুধু আইন প্রয়োগ ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার ইতিবাচক ফল পাওয়া যাবে। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহতা জনসাধারণের সামনে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


