দেশমের বিদায়ের পর ফ্রান্সের নতুন কোচ জিদান, চুক্তি ২০৩০ সাল পর্যন্ত

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলার ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।

এর আগে দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলে জিদানকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আভাস দিয়েছিল দেশটির গণমাধ্যম। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে জিদানের নিয়োগের ঘোষণা দেওয়া হলো।

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও সফল। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে তিনি টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর তিনি আর কোনো দলের কোচ হননি।

২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া ফ্রান্স এবার নতুন করে দল গড়ার দায়িত্ব দিল তাদের কিংবদন্তি এই সাবেক অধিনায়ককে।

দায়িত্ব গ্রহণের পর ৫৪ বছর বয়সী জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার জন্য যেমন বড় সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। তিনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় দলকে নিয়ে তার বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

জিদান আরও জানান, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে বেশ কয়েকটি প্রস্তাব পেলেও তিনি সেগুলো গ্রহণ করেননি। এখন তার পুরো মনোযোগ থাকবে ফ্রান্স জাতীয় দলকে নতুন সাফল্য এনে দেওয়ার দিকে।

আগামী ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই জিদানের ফ্রান্স অধ্যায়ের সূচনা হতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ