
দেশে চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি উপদেষ্টা মাহদী আমিনের মাধ্যমে একটি চিঠিও পাঠানো হয়েছে।
মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানান, একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (FSRU) বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট চলছে।
বর্তমানে দৈনিক প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২,১০০ মিলিয়ন ঘনফুট, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, সংকটের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা কামনা করেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। এ সময় আনোয়ার ইব্রাহিম দ্রুততম সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বস্ত করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, সংকট সমাধানে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল সার্বক্ষণিকভাবে এক্সেলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রাখছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বিকল হওয়া এফএসআরইউ দ্রুত সচল করার চেষ্টা করছেন।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনাও সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে, যাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যায়।


