
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গার একটি প্রাথমিক দলকেও ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার (২৯ জুলাই) দেশটির চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর দেশটি প্রথম ধাপে মালয়েশিয়ায় বসবাসরত ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।
আনোয়ার ইব্রাহিম এই সমঝোতাকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান এবং মালয়েশিয়ায় জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কবে থেকে শুরু হবে বা কী সময়সূচিতে তা সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান ও সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এছাড়া বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে অনেক রোহিঙ্গা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও আশ্রয় নিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি


