বিএনপির কপাল খারাপ, সব সময় ধ্বংসস্তূপের ওপরই ক্ষমতায় আসতে হয়: মির্জা ফখরুল

বিএনপির দুর্ভাগ্য হলো—দলটি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনা শুরু করতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, উত্তরাধিকার সূত্রে বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ভেঙে পড়া অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান এবং সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

তিনি অভিযোগ করেন, গত সরকার দেশের গ্যাস অনুসন্ধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি; বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা তৈরি করেছে। একই সঙ্গে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ খাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ব্যাংকিং খাত প্রায় ভেঙে পড়েছে এবং সেটিকে পুনর্গঠন করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

গণতন্ত্র প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা-চেতনা, আচরণ ও মতপ্রকাশে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন না ঘটলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, দেশে পরমতসহিষ্ণুতা বজায় রাখতে হবে। সরকারের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে কাজ করার সুযোগও দিতে হবে।

গণমাধ্যমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণমাধ্যমকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম টেকসই গণতন্ত্রের অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক কাঞ্চন, মাইটিভির প্রধান সম্পাদক মাহমুদ আল হাসান, মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক রাশেদুল হক, স্টার টেলিভিশনের সিইও মোকসেদুল করিম বাবু, এখন টেলিভিশনের সিইও আখতারুজ্জামান বাবু, মারুফ কুমার খান সোহেল এবং ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ