
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয় থেকে বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি।
তবে বিএনপির পক্ষ থেকে কারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠক শেষে জোটের অন্যতম প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে অলি আহমদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করা হয়েছে।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। এছাড়া এলডিপি চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল
ইসি সচিব জানান, তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকেল ৫টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।

