‘সবার আগে বাংলাদেশ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে’: নাহিদ

‘সবার আগে বাংলাদেশ’ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানি হত্যার স্মৃতি সরিয়ে দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘সরকারের আপসকামী অবস্থানের সুযোগ নিয়েই দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন।’

শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপির প্রতিনিধি দলের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের পর জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীতে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে আবু সাঈদের স্মৃতিসহ জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু উপাদান সেখানে যথাযথভাবে তুলে ধরা হয়নি।

জুলাই অভ্যুত্থানের পাশাপাশি সীমান্ত হত্যা, ফেলানি হত্যা ও ভারতবিরোধী আন্দোলনের স্মৃতিও জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।

জাদুঘর পরিচালনায় আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনা চালু এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন নাহিদ। একই সঙ্গে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জাতীয় ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে জাদুঘরের অব্যবহৃত স্থানগুলো আরও সৃজনশীলভাবে ব্যবহারের আহ্বান জানান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ