বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা, ভারত সিরিজ আয়োজনেও বাড়ছে শঙ্কা

আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে সফরটি নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে।

সূচি অনুযায়ী, ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দুই দলের।

সিরিজটি মূলত ২০২৫ সালে হওয়ার কথা ছিল। তবে ২০২৫ সালের জুলাইয়ে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য পুনর্নির্ধারণ করা হয়।

এবারও দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সিরিজটির আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে গত ৫ আগস্ট দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের কয়েকজন নেতার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিসিবির অভ্যন্তরীণ সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ভারতকে বাংলাদেশে এনে সিরিজ আয়োজনের বিষয়টি কঠিন হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবি’র এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর তিনি সিরিজটি নিয়ে সন্দিহান। ভারতীয় পক্ষ থেকে সিরিজের বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়ার সম্ভাবনাও তিনি দেখছেন না।

ওই কর্মকর্তা বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ আগস্ট ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। কিন্তু হাতে আর খুব বেশি সময় নেই।

সিরিজটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর তা মনে হয় না। বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে।

তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের কোনো ঘোষণা না আসা পর্যন্ত আশা ছাড়তে চায় না বিসিবি। বোর্ডের কর্মকর্তারা এখনো মনে করছেন, পরিস্থিতির উন্নতি হলে শেষ পর্যন্ত সিরিজটি আয়োজনের সুযোগ তৈরি হতে পারে।

সর্বশেষ কবে মুখোমুখি হয়েছিল দুই দল?

ভারতের পুরুষদের ক্রিকেটে দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২২ সালের ডিসেম্বরে। ওই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলেছিল দুই দল। দুই টেস্টের সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয় পায়।

অন্যদিকে, বাংলাদেশ সর্বশেষ ভারত সফর করেছে ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। ওই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পায় ভারত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ