হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নয়: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, গত দুই বছর ধরে ভারত তার ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে। তাঁর দাবি, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা।

বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে ভারতের নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় নয়াদিল্লির কাছ থেকে এখন পর্যন্ত কার্যকর জবাবদিহি আদায় করতে পারেনি বাংলাদেশ সরকার। তাঁর ভাষায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে। এমন গুরুতর ঘটনার পরও ভারত সরকারের কাছ থেকে কার্যকর জবাবদিহি আদায় না হওয়া হতাশাজনক।

এদিকে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ওই বৈঠকে ৫ আগস্টের ঘটনার বিষয়ে কোনো বক্তব্য, ব্যাখ্যা বা ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশের বিষয়টি প্রকাশ্যে আসেনি।

বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এমন একটি উচ্চপর্যায়ের বৈঠকে যথাযথ গুরুত্ব না পাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার দুই দেশের ‘শেয়ার্ড ড্রিম’-এর কথা বলেছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ কোনো কথিত সম্প্রসারণবাদী ‘শেয়ার্ড ড্রিম’-এর অংশীদার নয়। এমন কোনো সম্পর্কও তারা মেনে নেবে না, যেখানে দিল্লি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া বা প্রভাব বিস্তারের অধিকার দাবি করে।

বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধির দক্ষিণ এশিয়া দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিবাদকে এখন কার্যকর কূটনৈতিক পদক্ষেপে রূপ দেওয়া জরুরি। ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা—এসব বিষয়ে সরকারের দৃঢ় ও দৃশ্যমান অবস্থান প্রয়োজন।

তিনি আরও বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুযোগ পেলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধানের ভারত সফর করে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থহীন হয়ে পড়বে।

বন্ধুত্বের অজুহাতে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী তৎপরতার অবসান, আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও তাদের কার্যক্রমের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাবলির জন্য জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ