মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টায় চারজন আটক, ককটেল বিস্ফোরণ

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টার সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্যদের আটকের চেষ্টা করা হলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা পালিয়ে যান বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

বনানী থানা-পুলিশ সূত্র জানায়, দুপুরে ওই এলাকায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০ থেকে ৪০ জন জড়ো হন। তাঁরা সেখানে একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় স্থানীয় জনতা একজনকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে পুলিশ।

অন্যদের ধরতে অভিযান চালানোর সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে সরে যান বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাঁদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান।

স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় বনানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ