
নেপালে আকস্মিক ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে নেপালি ও বিদেশি নাগরিক রয়েছেন।
নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর ৯৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, তারা ২৬টি দেশের নাগরিক।
নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।
ট্যুর অপারেটরদের বরাত দিয়ে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে পুলিশ ১১৪ জনকে উদ্ধার করেছে। এ ছাড়া নেপালের সেনাবাহিনীও ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় পুরো জাতি গভীরভাবে মর্মাহত।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
বালেন্দ্র শাহ বলেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করতে সরকার কোনো ধরনের বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

