৩০ ব্যাংকের বন্ধ সেবা দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকা ৩০টি ব্যাংকের কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল ব্যাংকিং সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং লেনদেনের স্বাভাবিক ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক লেনদেনের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে ডেকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব কিউ-ক্যাশের সুইচিং কার্যক্রম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব কার্ডভিত্তিক সেবা চালু করতে হবে। পাশাপাশি গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

যেসব সেবা স্বাভাবিক রয়েছে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব ব্যাংক সরাসরি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর সঙ্গে যুক্ত, সেসব ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লেনদেনও স্বাভাবিকভাবে চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিচালিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)-সহ অন্যান্য পেমেন্ট সিস্টেমও স্বাভাবিক রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ