সৌদিতে ফ্লাইটে বিধিনিষেধ, ঢাকায় ভোগান্তিতে ৯ হাজার ৬৭৪ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের ওপর। এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৬২টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে ২৩টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হয়েছে।

ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে সৌদি আরবে কর্মস্থলে ফেরা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ট্রানজিটের মাধ্যমে অন্য দেশে যাত্রা করা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাঁদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশেষ করে ছুটি শেষে সৌদি আরবে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সময়মতো কাজে যোগ দিতে না পারলে তাঁদের চাকরি ও ভিসাসংক্রান্ত জটিলতার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচিতে আরও পরিবর্তন আসতে পারে। এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ