
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসতে পারে তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর নির্মাতারা। আগামী ২ নভেম্বর অভিনেতার জন্মদিন উপলক্ষে সিনেমাটির টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ টিজার প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। টিজার উন্মোচনের মধ্য দিয়ে শুরু হতে পারে সিনেমাটির বিশ্বব্যাপী প্রচার কার্যক্রম। এতে শাহরুখ খানকে নতুন রূপে দেখা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমায় বড় পরিসরের অ্যাকশনে দর্শকদের মুগ্ধ করেছেন শাহরুখ। এবার ‘কিং’-এ আরও বড় আয়োজনের পরিকল্পনা করছেন নির্মাতারা। সিনেমাটিতে অ্যাকশন, রোমাঞ্চ, সংলাপ ও সংগীতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যমটি।
‘কিং’-এ তারকাদের সমাহার
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। এ ছাড়া রয়েছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রাঘব জুয়াল।
সিনেমাটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে কারিনা কাপুর খানকেও। প্রতিবেদন অনুযায়ী, ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করতে পারেন তিনি। গানটির শুটিং অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় করার পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

