
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় থাকবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় স্থানান্তরিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবক্ষয় রোধে একটি প্রজন্ম থেকেই পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না ঘটে। এ কারণে প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা পাস করেছে, তারা তো করেছেই। তবে ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীদের আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কীভাবে তাদের আবার শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা টেনে নেওয়ার পরিবর্তে দ্রুত তাদের সক্ষমতা যাচাই করা হবে।
তিনি আরও জানান, পুনঃপরীক্ষায় শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, তারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে কি না। সেখানে উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নেওয়ার উদ্যোগ থাকবে।

