বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হলেন রিপাবলিকান পার্টির এই নেতা। আর বিদায় ঘটল ডেমোক্রেটিক দলের জো বাইডেন প্রশাসনের। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রকে আবার মহান করার প্রত্যয় ঘোষণা করেছেন ট্রাম্প।

শপথ গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্পকে করতালি দিয়ে অভিবাদন জানান ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, নর্থ ডাকোটার সাবেক গভর্নর ডগ বার্গাম ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শপথ শেষে নিজের প্রথম ভাষণে বাইডেনের সামনেই তার প্রশাসনের নীতি ও বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। সেইসঙ্গে ঘোষণা করেন, শিগগিরই বিগত প্রসাশনের সব নীতি বদলে দিতে যাচ্ছেন তিনি। ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখবো।

বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন বিচার বিভাগের বর্বর, সহিংস এবং অন্যায় অস্ত্রায়ন’-এর অবসান ঘটানো হবে এবং দেশকে একটি গর্বিত, সমৃদ্ধ এবং মুক্ত জাতিতে পরিণত করা হবে। বিচারের ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে।

নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে থাকবে একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি তৈরি করা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ